সংক্ষেপে সারা দেশ
বিক্ষোভ পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজার চিরাপাড়া ও কচাঁ নদীর সংযোগ খালটি দখল করে ভরাট করার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। পিরোজপুর প্রতিনিধি।১৩ জুয়াড়ির কারাদণ্ডসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ধানহাটি থেকে স্থানীয় জনতার সহযোগিতায় রায়গঞ্জ থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ শাহ্-এর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাঁদের ওই দণ্ড দেওয়া হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।ব্যবসায়ীদের ধর্মঘটঅতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ীরা দুই সপ্তাহ ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ২৪ জন কাঠ ব্যবসায়ী ও ১০টি করাতকলের মালিক তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। ঘাঘর বাজার কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বলেন, কাঠ ব্যবসায়ীদের ওপর শতকরা দুই টাকা করে খাজনা ধার্য করা হয়েছে, যা তাঁদের কাছে অন্যায্য। গোপালগঞ্জ প্রতিনিধি।