সংক্ষেপে সারা দেশ
নর্দমায় নিক্ষেপ ফরিদপুরে ফরমালিনযুক্ত ২০০ কেজি আম ও ৫০০টি লিচু নর্দমায় ফেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ফরিদপুরের শরীয়তুল্লাহ বাজারের তিনটি ফলের আড়তে অভিযান চালিয়ে ফলগুলো জব্দ করে নর্দমায় ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. মাহবুব আলম। অভিযানকালে ভাই ভাই ফল ভান্ডার, মেসার্স রনি ট্রেডার্স ও খান ফল ভান্ডারকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিস। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে গত রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মিয়া (৩৬) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামে। এলাকায় আবাসিক বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় আরিফ অসর্তকতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।