সংক্ষেপে সারা দেশ
অস্থায়ী মেয়রখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আজমল আহমেদ। তিনি গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কেসিসির বর্তমান মেয়র প্যানেলের ১ নম্বর সদস্য হিসেবে তাঁকে মেয়রের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন মেয়র হিসেবে মো. মনিরুজ্জামান দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন। খুলনা অফিস।নতুন কমিটিঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০১৩-১৪ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠ-এর আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজ-এর সামিউল করিম আলমগীর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, সহসভাপতি পদে যুগান্তরের আনোয়ারুল কবীর, সহসাধারণ সম্পাদক প্রথম আলোর প্রশান্ত কর্মকার, কোষাধ্যক্ষ সংগ্রামের রায়হান মোর্শেদ, দপ্তর ও প্রচার সম্পাদক ডেসটিনির মশিহুর রহমান এবং সদস্য পদে ডেইলি স্টারের চৈতন্য চন্দ্র হালদার, স্বাধীন মতের এমদাদুল হক ও ইত্তেফাকের আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার ঢাকা জেলা জজ আদালতের পুরোনো ভবনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে তিন সদস্যের সিলেকশন কমিটি নতুন এই কমিটি ঘোষণা করে। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধাররাজধানীর পল্লবীর কালসী থেকে গতকাল রোববার দুপুরে রবিউল হুদা (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বজন ও পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। রবিউল মিরপুরের বাংলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গত শুক্রবার রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন বলেন, রবিউলের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। নিজস্ব প্রতিবেদক।