সংক্ষেপে সারা দেশ
রথযাত্রা উৎসব যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়ায় আজ বুধবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ রথযাত্রা উপলক্ষে ভাটপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী রথমেলা। ভাটপাড়া ছাড়াও উপজেলার রামসরা গ্রামের ইসকন মন্দির, সুন্দলী, ফুলের গাতি এবং চেঙ্গুটিয়া গ্রামেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যশোর প্রতিনিধি। লাশ উদ্ধার কুষ্টিয়া মিরপুর উপজেলা আমকাঁঠালিয়া মাঠ থেকে আরমান আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। পেশায় ভ্যানচালক আরমান আলী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুলের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। কুষ্টিয়া অফিস।