সংক্ষেপে সারা দেশ
তিনটি শিশুর মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গত আট দিনে তিনটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গত বুধবার বিকেলে পুকুরপাড় থেকে সাজু মিয়ার শিশুকন্যা আইরীন আক্তারের (৫) লাশ উদ্ধার করা হয়। এর দুদিন আগে ৮ জুলাই ধান খেত থেকে নিয়ামত আলীর শিশুকন্যা তানজিনার (৫) লাশ উদ্ধার হয়। ২ জুলাই খালপার থেকে মিঠু মিয়ার শিশু পুত্র হাফিজুল্লাহর (৪) লাশ উদ্ধার হয়। তিনটি শিশুই আগের দিন সন্ধ্যায় নিখোঁজ হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ইলিশসহ গ্রেপ্তার ২ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ট্রাকভর্তি এক হাজার ৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার ও দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার শহরতলীর বাঁকাল এলাকা থেকে ইলিশ উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।হাজতির মৃত্যু নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গত বুধবার গভীর রাতে অজিত চন্দ্র দাস (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। জেলা কারাগার সূত্রে জানা যায়, অজিত গত বুধবার রাত ১২টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে বলে চিৎকার শুরু করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। নেত্রকোনা প্রতিনিধি।