সংক্ষেপে সারা দেশ
সংঘর্ষে আহত ৪০তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটপাচিল ও গোপালপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহত ২০ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনায়েতপুর ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বিকেলে গোপালপুর গ্রামের আমেদ আলীর ছেলে শাহাদত হোসেন পাশের হাটপাচিল গ্রামের বটু মিয়ার রিকশায় করে পাচিলহাটে যান। সেখানে পৌঁছে ভাড়া নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। ঘটনার জের ধরে উভয় পক্ষের সমর্থকেরা তারাবির নামাজের পর মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।বরিশালে বাস বন্ধবরিশালের অভ্যন্তরীণ পথে গতকাল বুধবার থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বাস আটক করার প্রতিবাদের অজুহাতে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল তিনটায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর-সংলগ্ন রামপট্টি এলাকায় বরিশাল জেলা শ্রমিক ইউনিয়নের একটি বাসের ধাক্কায় লবণবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করে। এরপর বাসশ্রমিকেরা ওই ধর্মঘটের ডাক দেন। বরিশাল অফিস।এমপিওভুক্তির দাবিস্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের আগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। অন্যথায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার সংগঠনটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে স্বীকৃতির সময় থেকে চাকরির বয়স গণনা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় না আসা পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বন্ধ রাখা। নিজস্ব প্রতিবেদক।