সংক্ষেপে সারা দেশ
নিম্নমানের অভিযোগকুড়িগ্রামের উলিপুর উপজেলায় টিসিবির নিয়োগপ্রাপ্ত তিন ডিলারের কেউই দোকানে পণ্য তোলেননি। এতে রমজান মাসের অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও টিসিবির কোনো পণ্য পাচ্ছেন না এলাকাবাসী। ডিলারদের অভিযোগ, টিসিবির পণ্য নিম্নমানের। তা ছাড়া ক্রেতারা চিনি ও সয়াবিন তেল ছাড়া টিসিবির অন্য কোনো পণ্য নিতে চান না। গত রমজানে পণ্য তুলে লোকসান গুনতে হয়েছে। সে কারণে এ রমজানে পণ্য তোলা হয়নি। ইউএনও কার্যালয় সূত্র জানায়, তিন ডিলার—উলিপুর পৌর বাজারের মজিবর রহমান, দুর্গাপুর বাজারের লীনা আনছারী এবং হাতিয়া বাজারের আবদুল মালেককে পণ্য তুলতে চিঠি দেওয়া হয়েছে। পণ্য না তোলার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।স্মারকলিপি প্রদানরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস প্রদানের দাবিতে গতকাল বৃহস্পতিবার কোষাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযুদ্ধ চেতনার প্রগতিশীল শিক্ষক সমাজ। জোটের সদস্যসচিব গাজী মাজহারুল আনোয়ার বলেন, শনিবারের মধ্যে বকেয়া বেতন ও বোনাস দেওয়া না হলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। কোষাধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় মে মাস থেকে ২৮৫ জন শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হয়নি। ঈদের আগেই বেতন ও বোনাস দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ অসৎ ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সমাবেশে নেতারা পোশাকশ্রমিকদের মূল মজুরি আট হাজার টাকা নির্ধারণসহ একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। নিজস্ব প্রতিবেদক।