সংক্ষেপে সারা দেশ
ভারতীয়সহ গ্রেপ্তার ৫চার চিংড়িঘের-মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গতকাল মঙ্গলবার সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে দুই ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার গোলাখালীর জামির আলী, উজ্জ্বল কুমার মণ্ডল; কালিঞ্চি গ্রামের আনছার আলী ও ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ঝড়খালী গ্রামের প্রিয়জিৎ মণ্ডল ও বিদ্যুৎ অধিকারী। শ্যামনগর থানার ওসি আসলাম খান জানান, গত সোমবার রাতে চার চিংড়িঘের-মালিককে অপহরণ করে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।ট্রেন লাইনচ্যুতচট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েল বহনকারী ট্রেনের ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, ট্রেনটি দোহাজারীর একটি পাওয়ার প্লান্টে তেল নিয়ে যাচ্ছিল। রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মেয়রের শপথ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচিত মেয়র মোতাহের হোসেন ও নির্বাচিত সব কাউন্সিলর এবং চাটখিল পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র মোস্তফা কামাল গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন। গতকাল সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ তাঁদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। নোয়াখালী অফিস।বহিষ্কারঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিপণন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের ওপর ব্যাংকিং বিভাগের কনিষ্ঠ শিক্ষার্থীদের হামলার ঘটনায় ব্যাংকিং বিভাগের চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।