সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ১বগুড়ার গাবতলী উপজেলার তাতুরা গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, নয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বগুড়া প্রতিনিধি।নিহত ২বরিশালে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা থেকে আসা বিআরটিসির একটি বাসের ছাদে থাকা যাত্রী মো. মিরাজ (৩০) বাকেরগঞ্জ উপজেলার কারিতাস কার্যালয়ের সামনে গাছের ডালে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি পটুয়াখালীর গ্রামীণ শক্তি কার্যালয়ে চাকরি করতেন। এদিকে বেলা আড়াইটায় হিজলা উপজেলার মো. রাসেল (২৫) ডিশ সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বরিশাল অফিস।কারাদণ্ডযশোর মেডিকেল কলেজ-সংলগ্ন এলাকায় নিবন্ধন ছাড়া ওষুধের দোকান দিয়ে বেচাকেনা, জেনারেল হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালি করে প্রতারণার দায়ে চারজনকে এক মাসের কারাদণ্ড এবং আরও দুজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এসব দণ্ড দেন। নির্বাহী হাকিম শামিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যশোর অফিস।জরিমানাবাগেরহাটের মংলা উপজেলায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে গতকাল বৃহস্পতিবার দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মাছ ক্রয়-বিক্রয়ের অভিযোগে এ জরিমানা করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান দুপুরে মংলা বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেছেরশাহ ফিশকে ৫০ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ৫০ হাজার ও বিসমিল্লাহ ভান্ডারকে ৫০ হাজার, আসিফ ফুড কর্নারকে ২৫ হাজার ও সাইফুল ব্রাদার্সকে পাঁচ হাজার ও বনফুল ঘোষ ডেইরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।ভর্তি পরীক্ষানর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা কাল ৩ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট শুক্রবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সরকারি ঘোষণা অনুযায়ী, ৩ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, আসন্ন ঈদের ছুটি এবং শিক্ষার্থী-অভিভাবকদের সময় বাড়ানোর আবেদনের বিষয়টি বিবেচনা করে ভর্তি আবেদনের শেষ সময় ১৪ আগস্ট বিকেল চারটা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি।সংঘর্ষমগবাজার চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার মোটর পার্টস ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের সার্জেন্ট আরিফুল ইসলাম আহত হন। পুলিশ জানায়, মগবাজার থেকে বাংলামোটর মোড় পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাগে গাড়ি পার্কিং করে মেরামত করছিলেন মোটর পার্টস দোকানের কর্মচারীরা। এ জন্য ট্রাফিক পুলিশ জরিমানা করে এবং ওই গাড়িগুলোকে রেকার দিয়ে টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ও কর্মচারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারেন। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়নি। নিজস্ব প্রতিবেদক।