সংক্ষেপে সারা দেশ
রেলপথ অবরোধ ময়মনসিংহ-জারিয়া রেলপথে চলাচলকারী ট্রেনের বগি কমিয়ে ফেলার প্রতিবাদে ও বগি পুনঃসংযোজনের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় গতকাল বুধবার রেলপথ অবরোধ করে এলাকাবাসী। অবরোধ প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। পরে পূর্বধলা থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-জারিয়া রেলপথে দুই দিন আগে বগির সংখ্যা কমিয়ে চারটি করা হয়েছে। এতে ওই লাইনে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে এলকাবাসী রেলপথ অবরোধ করে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।পোনা অবমুক্তমৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের নাগুয়া-ধলিয়া বিলে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে বিভিন্ন জাতের আড়াই লাখ পোনা অবমুক্ত করা হয়। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিল নার্সারি থেকে সংগৃহীত তিন থেকে পাঁচ ইঞ্চি আকারের আড়াই লাখ পোনা হাওরে অবমুক্ত করা হয়। মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।