সংক্ষেপে সারা দেশ
তিন নারী আটকবরিশালে জিহাদি বই, প্রচারপত্রসহ হিজবুত তওহিদের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। নগরের বিসিক শিল্প এলাকায় প্রচারপত্র বিলির সময় গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন ঝিনাইদহের মহেশপুর এলাকার মারিয়া খাতুন, বরিশালের উজিরপুর উপজেলার সুমা আক্তার ও বানারীপাড়া উপজেলার মেহেরুন্নেছা। নগরের কাউনিয়া থানার ওসি মো. কাজী মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কাউনিয়া বিসিক এলাকা থেকে হিজবুত তওহিদের তিন নারী সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে বেশ কিছু প্রচারপত্র ও জিহাদি বই পাওয়া গেছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল অফিস।চিত্রাঙ্কন প্রতিযোগিতাজাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘শিশু কানন’ শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগীর বয়স পাঁচ থেকে ১৫ বছর। প্রতিযোগীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ইঞ্চি-১৫ইঞ্চি মাপের ছবি এঁকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ ২৫ আগস্টের মধ্যে যোগাযোগ করতে হবে। ছবি পাঠানোর ঠিকানা: পরিচালক, শিশু কানন; ২/৩০ রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।ইয়াবা বড়িসহ গ্রেপ্তাররাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার প্রায় এক হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাবেদ হোসেন (২৮), লিটন মিয়া (২৭) ও সজল হোসেন (৩৬)। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে সবুজবাগ থানার বাসাবো কদমতলা এলাকা থেকে এক হাজার ১৫২টি ইয়াবা বড়িসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই তিনজন দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজস্ব প্রতিবেদক।