সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তারবগুড়ায় সংলাপ হোসেন হত্যা মামলার আসামি সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অতুলচন্দ্র পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় শহরের ছাতিয়ানতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সংলাপ হোসেন গত ২২ ডিসেম্বর রাতে বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনায় তাঁর বাবা আবদুর রহমান বাদী হয়ে স্থানীয় যুবদল, যুবলীগ ও জাতীয় পার্টির নয়জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াগুলি উদ্ধারঈশ্বরদী পৌর এলাকার ফতেহ মোহাম্মদপুরের পাকিস্তানি ক্যাম্প এলাকা থেকে গতকাল রোববার বিকেলে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ১৭৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে রাইফেলের গুলি ৮৭টি ও পিস্তলের ৯২টি। ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জয়নুদ্দিন জয় জানান, উদ্ধার করা গুলির বেশির ভাগই তাজা। মাটি কোপানোর সময় কয়েকজন চাষি ওই গুলির সন্ধান পেয়ে পুলিশকে জানান। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি পুশব্যাককক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করে মিয়ানমারে পুশব্যাক করেছে বিডিআরের জওয়ানেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ পাঁচজনকে এবং সাড়ে তিনটার দিকে টেকনাফ পৌরসভার একটি আবাসিক হোটেল থেকে নারী-শিশুসহ ১২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিদোকানে আগুনচট্টগ্রাম নগরের নয়াবাজার বিশ্বরোডে গত শনিবার রাতে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বিভাগের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন দোকানমালিকেরা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চেয়ারম্যানের বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওমর আলীর বাড়ি থেকে গতকাল রোববার দুটি পিস্তল ও আটটি গুলি উদ্ধার করেছে র্যাব। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি। র্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার আনোয়ার জানান, সম্প্রতি ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপক্ষের নেতা ওমর আলী। এ ব্যাপারে তদন্ত চলছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ