সংক্ষেপে সারা দেশ
হাজতির মৃত্যুসাতক্ষীরা জেলা কারাগারের হাজতি আবদুস সাত্তার (৪৫) গত সোমবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে মারা গেছেন। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার হেতালখালী গ্রামে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ২০ ফেব্রুয়ারি রাতে শ্রীফলকাটি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী আবদুস সাত্তারকে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে দেওয়া হয়। পরদিন সাত্তারকে কারাগারে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ফেব্রুয়ারি তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।হত্যার হুমকিইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের প্রাধ্যক্ষ মাহবুবুর রহমানকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর বাসায় টেলিফোন করে তাঁকে সপরিবারে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাধ্যক্ষ বলেন, ‘কে বা কারা কী উদ্দেশ্যে এটা করেছে, তা জানি না।’ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ইউরিয়া সার জব্দঅবৈধ মজুদের অভিযোগে গত সোমবার রাতে যশোরের মনিরামপুরে দাউদ হোসেন নামের এক সার ডিলারের গুদাম থেকে ২৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য কুমার দাশ বলেন, ‘যথাযথ কাগজপত্র না থাকায় আমরা ২৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছি।’ দাউদ হোসেন বলেন, ‘ডিলার দিগন্ত এন্টারপ্রাইজের মালিক আবদুল খালেকের গুদামে জায়গা না থাকায় তিনি আমার গুদামে সার রেখে গেছেন।’ মনিরামপুর (যশোর) প্রতিনিধি।মানববন্ধনরংপুরের পীরগাছায় গত সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। উপজেলা পরিষদকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করাসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ সড়কের বটতলা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আ. রশিদ সরকার ও তানজিনা আফরোজ, জাপার নেতা আ. সাদেক সরকার, আ. করিম মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।ফেনসিডিলসহ গ্রেপ্তারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গত সোমবার রাতে শহরের একটি সড়ক থেকে ২১ বোতল ফেনসিডিলসহ জাহিদ হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাঁর কাছ থেকে চার হাজার ৮৪৫ টাকা, ধারালো ছোরা, চাপাতি ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মহিউদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পটুয়াখালী অফিস।