সংক্ষেপে সারা দেশ
ডিজিটাল তালিকা খুলনা মহানগর মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ডিজিটাল তালিকা তৈরি করবে। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খুলনার পুলিশ কমিশনার হেলাল উদ্দিন বদরী এ কথা জানান। তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ডিজিটাল তালিকা তৈরি হলে অপরাধী শনাক্তকরণে পুলিশের সুবিধা হবে এবং সাংবাদিকেরাও দ্রুত তথ্য পাবেন।Êমতবিনিময় সভায় খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। খুলনা অফিসপাঁচ যুবক আটক ফেনীর পরশুরাম উপজেলার পাঁচ যুবককে গত শনিবার আটক করেছে বিএসএফ। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জানায়, গত শনিবার সন্ধ্যায় নুরুল ইসলাম (৩২), মো. রুবেল (২৮), এমাম হোসেন (২৫), আবুল মিয়া (২৭) ও মো. শাহীন (২২) উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম সীমান্ত দিয়ে দুর্গাপূজা দেখার জন্য ভারতে যান। ভারতের রাজনগর এলাকায় পৌঁছালে বিএসএফ তাঁদের আটক করে। পরশুরাম (ফেনী) প্রতিনিধি ১৪৪ ধারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একই স্থানে স্থানীয় বিএনপি ও যুবলীগের কর্মী সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্থানীয় গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আহ্বান করে। একই সময়ে ওই মাঠে স্থানীয় ইউনিয়ন যুবলীগের কর্মিসভাও ডাকা হয়। এ কারণে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম আজ সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ‘ফ্যাশন পার্ক’ নামের একটি তৈরি পোশাক কারখানায় গতকাল সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মঈনউদ্দিন (২৩)। তিনি ওই প্রতিষ্ঠানের বৈদ্যুতিক কর্মী ছিলেন। মঈনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারখনার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কারখানায় সাময়িক ছুটির ব্যবস্থা করে। কোতায়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, মঈনের গ্রামের বাড়ি ভোলায়। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমাদক ব্যবসায়ী গ্রেপ্তাররোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা (ডিবি) রূপগঞ্জের চনপাড়া বস্তিতে অভিযান চালিয়ে ২৫৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার টাকা ও একটি চোরাই মোটরসাইকেল। পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চনপাড়া বস্তি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ওই বস্তির ৯ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান হোসেন ও চনপাড়া গ্রামের সুমন মিয়াকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিযুবককে কুপিয়ে হত্যাঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সুলতান মাহমুদ (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ চৌধুরীপাড়া পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাঁর বাড়ি নাজিরেরবাগ এলাকায়। নিহত সুলতান মাহমুদের বড় বোন জানান, রোববার রাত ১০টার দিকে মুঠোফোনে কল এলে সুলতান বেরিয়ে যান। সারা রাত তিনি বাসায় ফেরেননি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি