সংক্ষেপে সারা দেশ
উদ্ধারসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার উপপরিদর্শক আজগার আলী একটি মামলার তদন্তের জন্য চৌমুনী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমানের বাড়িতে যান। এ সময় ওই শিক্ষকের বাড়ির পাঁচিলের পাশে দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। তিনি বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।উৎসবপাবনার বেড়া উপজেলার ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সকাল আটটায় উৎসব শুরু হবে। সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে সকালের পর্বের অনুষ্ঠানমালা। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিকেলের পর্বে প্রধান অতিথি জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। বেড়া (পাবনা) প্রতিনিধি।মানববন্ধনচিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স আবার চালুর দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগ্রাম পরিষদ। মানববন্ধন চলাকালে এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এস নাছির আহম্মদ। বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিদারুল কবির প্রমুখ। বক্তারা ২০০৪ সাল থেকে বন্ধ এই কারখানা চালু করে প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। গত বছরের ২৪ এপ্রিল মিল চত্বরে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এটি চালুর ঘোষণা দিয়েছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।