সংক্ষেপে সারা দেশ
সেগুনকাঠ আটকচট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় খাজা রোডের আসবাবপত্রের একটি দোকান থেকে গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় ৫০০ ঘনফুট সেগুনকাঠ আটক করেছে বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি বিশেষ দল এ কাঠ আটক করে। এসব কাঠের দাম প্রায় সাড়ে সাত লাখ টাকা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার জানান, আটক করা কাঠ বন বিভাগের কালুরঘাট ডিপোতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।ভস্মীভূতচট্টগ্রাম বন্দর এলাকায় নৌবাহিনী হাসপাতালের পাশের আবু মোকাররম কলোনির ৪৪টি ব্যাচেলর কক্ষ ও একটি সুতার দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের নৌবাহিনী হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি ব্যাচেলর ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।সন্ধান লাভসুন্দরবনে নিখোঁজ হওয়ার ১০ দিন পর চার জেলের সন্ধান মিলেছে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা কারাগারে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আজিজুল, রউফ, বক্কার ও আওরঙ্গ নামে চার জেলে গত ২৫ ডিসেম্বর সুন্দরবনে ভারতের সীমান্তসংলগ্ন রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। মহকুমা কারাগার পুলিশের এক সদস্য গতকাল মঙ্গলবার ফোন করে নিখোঁজ জেলেদের পরিবারকে জানান, বিএসএফ চার জেলেকে ধরে ৩১ ডিসেম্বর পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।লাশ উদ্ধারপাবনার ভাঙ্গুড়া উপজেলায় আয়শা খাতুন (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক জানান, গত সোমবার রাত দেড়টার দিকে উপজেলার রেলস্টেশনের পাশের জঙ্গলে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে। আয়েশা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ফল বিক্রি করতেন। পাবনা অফিস।