সংক্ষেপে সারা দেশ
ফেনসিডিল উদ্ধারযশোর-বেনাপোল সড়কের একটি ফিলিং স্টেশনে গতকাল শুক্রবার একটি বাস থেকে এক হাজার ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের জওয়ানেরা অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করেন। বিজিবির বেনাপোল কোম্পানি ইনচার্জ আফজাল হোসেন জানান, মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলগুলো ঢাকায় নেওয়ার জন্য ওই বাসে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যশোর অফিস।নির্বাচনকুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে আওয়ামী লীগের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় প্যানেল জয়ী হয়েছে। সভাপতির পদে জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন আবদুল মমিন ফেরদৌস। গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।পরিদর্শনকক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটনের সম্ভাব্যতা সরেজমিনে যাচাই করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের পরিদর্শন দল। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. হাবিব উল্লাহ মজুমদারের নেতৃত্বে দলটি সেন্ট মার্টিন দ্বীপে যায়। মূল্যায়ন বিভাগের ডিজি (যুগ্ম সচিব) সৈয়দ হায়দার আলী ও পরিচালক (ডিএস) আবদুল কাইয়ুম পরিদর্শন দলের সঙ্গে ছিলেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।পুরস্কার বিতরণটাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই শতাধিক বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।