সংক্ষেপে সারা দেশ
প্রতিনিধিত্ব করবেআগামী ২০-২২ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাউথ এশিয়া রিজিওনাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) মুটিং টিম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সপ্তম ন্যাশনাল হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এ গৌরব অর্জন করেছে এনইউবি। এ উপলক্ষে আইন বিভাগের উদ্যোগে গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।অভিষেক বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত পর্ষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন এ্যাবাকার কনভেনশন সেন্টারে হয়েছে। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আক্কাস মাহমুদ। এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, অন্যান্য পরিচালক ও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিজ্ঞপ্তি। নিলামে ইলিশবরগুনার আমতলী উপজেলায় জব্দ করা বিপুল পরিমাণ ইলিশ গতকাল সোমবার নিলামে বিক্রি হয়েছে। জব্দ করা ওই তিন হাজার ৬০০ কেজি ইলিশ বিক্রি হয় ৫৫ হাজার টাকায়। প্রতি কেজি মাছের দাম পড়ে মাত্র ১৫ টাকা ২৮ পয়সা। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রজনন মৌসুমে শিকার-নিষিদ্ধ ওই বিপুল পরিমাণ ইলিশ গত রোববার রাতে জব্দ করা হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুরাজবাড়ীর কালুখালী উপজেলায় পানিতে ডুবে শওকত (৪) ও নীলা (৪) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, বাড়ির পাশে খেলা করতে গিয়ে ওই দুটি শিশু সবার অগোচরে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক অঞ্জন কুমার দাশ। রাজবাড়ী সংবাদদাতা ২৬ কেজি গাঁজা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী একটি আন্তনগর ট্রেনে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ আমির হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার ভোরে ওই তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবসাত জুয়াড়ি গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মো. জাহাঙ্গীর আলম, মো. কুদ্দুছ, মোহন মিয়া, ছানাউল্লাহ, সঞ্জয় দাস, মাসুদ মিয়া ও আমিরুল ইসলাম নামের সাত ব্যক্তিকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সদরের মোল্লাবাড়ি থেকে গত রোববার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আদালতের নির্দেশে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি