সংক্ষেপে সারা দেশ
সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট বালক উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৩৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন। এতে উপজেলা স্বেচ্ছাসবক লীগের আহ্বায়ক তারিকুল মোস্তাক প্রধান অতিথি ও যুগ্ম আহ্বায়ক রেফায়েত উল্লাহ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান উপস্থিত ছিলেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।লাশ উদ্ধার হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের তেলিয়াপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী জানান, গতকাল শনিবার সকালে তেলিয়াপাড়া সড়কের গোয়াছনগর এলাকায় স্থানীয় লোকজন একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।একজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে অহিদ মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয়নগর থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে অহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসব ইয়াবা বড়ির দাম প্রায় ২৫ হাজার টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।