সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ সড়কে অবস্থিত পৌর পাঠাগার রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। পৌরসভার চৌমোহনা এলাকায় প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে গতকাল রোববার বিকেল চারটা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন জাভেদ ভূঁইয়া, আবু রেজা সিদ্দিকী, মাসুদ রানা, মুনিম বাপ্পী, নীতেশ সূত্রধর, প্রীতম দাশ প্রমুখ। তাঁরা প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে পাঠাগারটি অবিলম্বে চালু করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানান। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।লাশ উদ্ধারমাদারীপুরের কালকিনি উপজেলায় হাফিজা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রাম থেকে পুলিশ গত শনিবার গভীর রাতে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। কালকিনি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, হাফিজাকে নিয়মিত নির্যাতন করতেন স্বামী আবুল হোসেন। তিনি গত শনিবার গলায় রশি পেঁচিয়ে হাফিজাকে হত্যার চেষ্টা করেন। পরে লোকজন টের পেয়ে হাফিজাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে আবুল হোসেনসহ তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।জরিমানাবাগেরহাটের তিন উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের খাবারসামগ্রী তৈরির অভিযোগে আটটি বেকারি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মংলা, রামপাল ও ফকিরহাট উপজেলায় গতকাল রোববার ও গত শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই জরিমানা আদায় করা হয়। এ ছাড়া বাগেরহাটের বিভিন্ন সড়কে কয়েকটি যানবাহনে গতকাল অভিযান চালিয়ে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ওই জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বাগেরহাট প্রতিনিধি।