সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনরাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব বন্দীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা প্রমুখ। বক্তারা অবিলম্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলীসহ সব বন্দীর মুক্তির দাবি জানান। রাজবাড়ী প্রতিনিধি।সংবর্ধনা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ২০ অদম্য মেধাবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ মিলানায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। এতে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি হোসনেয়ারা বেগম। ওই মেধাবীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও অভিধান দেওয়া হয়। পিরোজপুর প্রতিনিধি।শিক্ষক নিয়োগের দাবিশিক্ষক নিয়োগের দাবিতে গতকাল বৃহস্পতিবার ভোলা সরকারি কলেজের শত শত ছাত্রছাত্রী বিক্ষোভ করেছেন। দুপুর ১২টার দিকে কয়েক শ ছাত্রছাত্রী ‘অবিলম্বে শিক্ষক চাই’ দাবিতে ফেস্টুন ও বইখাতা উঁচিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কলেজচত্বর থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসেন। পরে শিক্ষার্থীরা তাঁদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আখতার বলেন, কলেজে শিক্ষকের ৯৬টি পদ রয়েছে; কিন্তু শিক্ষক আছেন মাত্র ৪৬ জন। ভোলা অফিস।বাজেট ঘোষণাচাঁদপুরে শাহরাস্তি পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের আট কোটি ৩৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার সম্মেলনকক্ষে পৌর মেয়র মোস্তফা কামাল এই বাজেট পেশ করেন। এ সময় প্যানেল মেয়র, কাউন্সিলর, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মোস্তফা কামাল বলেন, পৌরবাসীর সার্বিক দিক বিবেচনা করে নতুন কোনো করারোপ ছাড়াই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।কর্মশালাঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার গুরুত্ব এবং মৎস্যশিল্পের টেকসই উন্নয়নের ভূমিকা সম্পর্কে ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন এম এ মালেক, মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দেওয়ান আলী আহ্সান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, মৎস্য উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।