সংক্ষেপে সারা দেশ
রিভলবার উদ্ধার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলসারা গ্রাম থেকে একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিলসারা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে খড়ের নিচ থেকে রিভলবারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।লাশ উদ্ধার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আরিয়ামপুর গ্রামের মনোরঞ্জন দাস (৩৫) গত বুধবার রাতে পৌর শহরের সানলাইট হোটেলের একটি কক্ষে রাত যাপন করেন। পরদিন সকালে তাঁর কক্ষের দরজায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ কক্ষের দরজা ভেঙে মেঝের ওপর মনোরঞ্জনের লাশ পড়ে থাকতে দেখে। জগন্নাথপুর থানার এসআই গাজী জাহাঙ্গীর জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।সম্মেলন কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় এম পি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশতাক আহমেদ। সংগঠনের সভাপতি মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। সম্মেলনে মো. আলাল উদ্দিনকে সভাপতি ও নাজমুল হককে মহাসচিব করে ৩১ সদস্যের নতুন কার্যকরী পর্ষদ গঠন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।