সংক্ষেপে সারা দেশ
দম্পতির কারাদণ্ডগাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অপরাধে হাসান আলী নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং তাঁর স্ত্রী সেলিনা বেগমকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সাজিদ আনোয়ার গতকাল শনিবার এ রায় দেন। উপজেলার ফাউগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে হাসান আলী ও তাঁর স্ত্রীকে চার কেজি গাঁজাসহ গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়। গাজীপুর প্রতিনিধি।যুবক আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে সাইফুল ইসলাম নামের এক যুবককে ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল শনিবার সকালে তাঁকে আটক করে। মাদকদ্রব্য কেনার টাকা পরিশোধ করতে সাইফুল ২৫ লাখ টাকা নিয়ে ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় যান বলে বিজিবির দাবি। আখাউড়া থানার এসআই কাঞ্চন কান্তি দাশ বলেন, বিজিবি গতকাল সন্ধ্যা পর্যন্ত সাইফুলকে থানায় হস্তান্তর করেনি। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।গাড়িচালক খুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বজ্রপাটলি এলাকা থেকে মো. হেলাল (১৮) নামের এক তরুণের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের শেখ আমজাদ হোসেনের ছেলে হেলাল একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক ছিলেন। কালীগঞ্জ থানার এসআই সোহারাব হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গলায় দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার করা হেলালের লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।