সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা বিস্ফোরণযশোরের অভয়নগরের ধুলগ্রামে গতকাল রোববার পরিত্যক্ত একটি বোমার বিস্ফোরণে সন্ধ্যা রানী রায় নামের এক গৃহবধূ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের চৈতন্য রায়ের স্ত্রী সন্ধ্যা রানী (৪০) গতকাল দুপুরে মুরগি তাড়াতে উদ্যত হন। এ সময় ঘরের পাশে পরিত্যক্ত জর্দার কৌটাকৃতির একটি বোমা হাতে তুলে তিনি তা মুরগির দিকে ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার আঘাতে মুরগিটি মারা যায় এবং তিনি আহত হন। সন্ধ্যা রানীকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক ঘটনাটি নিশ্চিত করেছেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি।জরিমানা আদায়পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি বাজারে গতকাল রোববার অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুবুর রশিদ বলেন, উপজেলার ভান্ডারিয়া বাজারের হানিফ বেকারির বৈধ কোনো কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে একই বাজারের পাঁচটি মুদি ও মনোহারি দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশাল কার্যালয়ের সহায়তায় ওই অভিযান পরিচালিত হয়। পিরোজপুর প্রতিনিধি।