সংক্ষেপে সারা দেশ
বোমাসদৃশ বস্তুব্রাহ্মণবাড়িয়ায় একটি মন্দির থেকে গত বুধবার রাতে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শহরের সড়ক বাজারের শিববাড়ি পূজা মন্দির থেকে স্কচটেপ মোড়ানো বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় পূজারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিববাড়ি পূজা কমিটির লোকজন জানান, বিসর্জন শেষে প্যান্ডেল খোলার কাজ চলাকালে বস্তুটি চোখে পড়ে। পরে পুলিশে খবর দিলে তারা সেটি উদ্ধার করে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, উদ্ধার করা বস্তুটি কোনো বিস্ফোরক নয়। আতঙ্ক ছড়াতে কেউ এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।পলায়নপটুয়াখালীর বাউফলে আটকের পর পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজি পলাশ। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে বাউফল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোফাজ্জেল হোসেন যুবদলের নেতাকে আটক করেন। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। যুবদল নেতা অবশ্য বলেন, ‘আমার নামে পাঁচটি মামলা থাকলেও বর্তমানে জামিনে আছি। পুলিশ কোনো কারণ ছাড়াই আমাকে আটকের চেষ্টা করে।’ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।যোগদানলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের জাতীয় সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক মুনছুর মোল্লা ও একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজাদ উদ্দিনের নেতৃত্বে দল ও সংগঠন দুটির তিন শতাধিক নেতা-কর্মী গতকাল বৃহস্পতিবার বিকেলে যুবলীগে যোগ দিয়েছেন। লক্ষ্মীপুর শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা যুবলীগে যোগদান করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিন, ইসমাইল হোসেন চৌধুরী, রহমত উল্যাহ, যুবলীগের মেজবাহ উদ্দিন, ফজলুল হক প্রমুখ। লক্ষ্মীপুর প্রতিনিধি।