সংক্ষেপে সারা দেশ
ভিক্ষুকের দান!চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের নির্মাণকাজে ১০ বস্তা সিমেন্ট দান করছেন হাইমচর উপজেলার পঙ্গু ভিক্ষুক খোরশেদ আলম। তাঁর এই মহতি উদ্যোগের খবর শুনে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুুষ ছুটে আসছেন তাঁকে দেখতে। খোরশেদ জানান, ৪০ বছর ধরে তিনি চাঁদপুরের চৌধুরী মসজিদ এলাকায় ভিক্ষা করেন। সেখানেই রাত যাপন করেন। বাড়িঘর অনেক আগেই নদীতে ভেঙে গেছে। তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল, মৃত মা-বাবার নামে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের নির্মাণকাজে সহযোগিতা করার। ওই মসজিদের খতিব আবদুর রউফ বলেন, খোরশেদ অনুসরণীয় নজির সৃষ্টি করেছেন। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।বৃক্ষরোপণ ও বিতরণযমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সম্প্রতি পাবনার কোমরপুরের পদ্মা কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। ব্যাংকের নির্বাহী কমিটি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেজারি ডিভিশনের প্রধান মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, চর শাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে ২৫০টি ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি। সর্বস্ব লুট যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে গত সোমবার রাতে এক পরিবারের সবাইকে অচেতন করে দুর্বৃত্তরা সর্বস্ব লুটে নিয়ে গেছে। পরিবারটির পাঁচ সদস্য ভৈরব আঢ্য (৪৫), তাঁর স্ত্রী চন্দনা আঢ্য (৩৫), মা শেফালী আঢ্য (৬৫), মেয়ে রিংকি আঢ্য (১৮) ও ছেলে সজীব আঢ্যকে (১৩) অচেতন অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। ভৈরব আঢ্যের ভাই আশোক আঢ্য জানান, দুর্বৃত্তরা আনুমানিক রাত চারটায় মই দিয়ে উঠে টালির চাল খুলে ঘরে প্রবেশ করে। পরে তারা চেতনানাশক ছিটিয়ে দিয়ে সবাইকে অচেতন করে স্বর্ণালংকার, কাঁসা-পিতলের বাসনসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। কেশবপুর (যশোর) প্রতিনিধি।মেয়াদোত্তীর্ণ ওষুধ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোডের একটি দোকানে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাত বস্তা মেয়াদোত্তীর্ণ দেশি-বিদেশি ওষুধ জব্দ করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দোকানের মালিক সুশান্ত কুমার দাসকে (৪৫) আটক করে পুলিশে দেওয়া হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক গতকাল বিকেলে জানান, সুশান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।বখাটের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের রায়ে সোমবার বরগুনার আমতলীতে লোকমান (২৭) নামের এক বখাটের এক মাসের কারাদণ্ড হয়েছে। ওই দিন বিকেলে উপজেলার বালিয়াতলী খেয়াঘাটে স্থানীয় চরকগাছিয়া মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে দেয়। সন্ধ্যায় আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহর ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। আমতলী (বরগুনা) প্রতিনিধি।