সংক্ষেপে সারা দেশ
শাড়ির প্যাঁচ লেগে নসিমনের চাকায় শাড়ির প্যাঁচ লেগে হাসিনা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা গ্রামে। গত বুধবার সকাল ১০টার দিকে নসিমনে চড়ে ফরিদপুর যাওয়ার পথে মাঝকান্দি-বোয়ালমারী সড়কের মহিশাল নামক স্থানে চাকার সঙ্গে হাসিনার (৫০) শাড়ি পেঁচিয়ে যায়। একপর্যায়ে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় হাসিনার মৃত্যু হয়। ফরিদপুর অফিস।শিরাবরণ অনুষ্ঠান টাঙ্গাইলের মির্জাপুরে গত মঙ্গলবার সন্ধ্যায় কুমুদিনী নার্সিং স্কুলের শিক্ষার্থীদের শিরাবরণ অনুষ্ঠান হয়েছে। এ ছাড়া প্রয়াত সেবিকা নির্মলার সঞ্চরণে ১১ জন দক্ষ সেবিকাকে নির্মলা অ্যাওয়ার্ড দেওয়া হয়। কুমুদিনী চত্বরের আনন্দ নিকেতনে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতী সাহা আনুষ্ঠানিকভাবে শিরাবরণ ও নির্মলা অ্যাওয়ার্ড প্রদান করেন। শিরাবরণকারীদের মধ্যে জুনিয়র নার্স ২০ জন, বিএসসি নার্স ২৪ জন এবং ডিপ্লোমা নার্স ৪৬ জনসহ ৯০ শিক্ষার্থী রয়েছেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।জরিমানা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের বিভিন্ন বেকারি ও ফলের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও ফরমালিনযুক্ত আম বিক্রির অপরাধে ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু ফরমালিনযুক্ত আম উদ্ধার করে স্থানীয় পুকুরে ফেলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তাদের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুবুর রশিদ। পিরোজপুর প্রতিনিধি।অবহিতকরণ সভা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন উপলক্ষে এক অবহিতকরণ সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব বণিক প্রমুখ জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার ১ কক্সবাজারের মহেশখালী উপজেলার আফজলিয়াপাড়ার নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মো. মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, মামুন (২৫) দীর্ঘদিন ধরে মাতারবাড়ি-চালিয়তালি ও জনতাবাজার সড়কে ডাকাতির পাশাপাশি সাগরে জলদস্যুবৃত্তি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম পতেঙ্গা থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। মহেশখালী থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বলেন, মামুনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।