সংক্ষেপে সারা দেশ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকিত মল্লিক (২৪) নামের একজন যুবকের মৃত্যু হয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি। বজ্রপাতে মৃত্যু সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বজ্রপাতে এক চিংড়িচাষির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল হান্নান (৩৫)। বাড়ি উপজেলার ৯ নম্বর সোরা গ্রামে। তিনি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকা থেকে নৌকায় করে খোলপেটুয়া নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।ট্রেনে কাটা পড়ে কুড়িগ্রাম যতিনেরহাট এলাকায় গত বুধবার দুপুরে টেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক প্রতিবন্ধী যুবকের (২২) মৃত্যু হয়। এর পর থেকে লাশটি রেললাইনের পাশে পড়ে ছিল। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে লালমনিরহাট থেকে রেলওয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠায়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।