সংক্ষেপে সারা দেশ
অগ্নিকাণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে গত রোববার রাতে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফরিদপুর ও ভাঙ্গা দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লা জানান, মালিগ্রাম বাজারের খন্দকার কামালের পাটের গুদামে রোববার রাতে আগুন লাগে। ওই গুদামে এলাকার পাঁচ ব্যবসায়ী বেলায়েত ভূঁইয়া, ইবাদত হোসেন, আওয়াল মাতুব্বর, হাশেম খান ও আইউব মৃধার ১০০০ মণ পাট সংরক্ষিত ছিল। ফরিদপুর অফিসকারাদণ্ডজয়পুরহাটের পাঁচবিবি স্টেশন এলাকায় ও কড়িয়া বাজারে গতকাল সোমবার অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে নির্বাহী হাকিম ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল আলম গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বেড়াখাই গ্রামের মাসুদ সরকারকে (২৭) ছয় মাসের এবং কাঁচনা গ্রামের মো. বাবু (৩০), পশ্চিম কড়িয়ার মো. রাকিবুল (৩৫) ও হাকিম সরদারকে (৪৬) এক মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিচারজনের দণ্ডসরকারবিরোধী লিফলেট ছাপানোর দায়ে গতকাল সোমবার রাজধানীর রমনার একটি ছাপাখানার চার পরিচালককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: আরিফুজ্জামান, মাহবুবুল আলম, কামরুজ্জামান ও মশিউল ইসলাম। রমনা থানার উপপরিদর্শক আশফাক রাজীব হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত সিদ্ধেশ্বরী রোডের ‘ব্যতিক্রম প্রিন্টিং প্রেসে’ অভিযান চালিয়ে সরকারবিরোধী দুই লাখ লিফলেট জব্দ করেন। ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাপাখানাটিতে ইসলামী ছাত্রশিবিরের নামে সরকারবিরোধী লিফলেট ছাপানো হচ্ছিল। নিজস্ব প্রতিবেদক