সংক্ষেপে সারা দেশ
মাসব্যাপী কর্মসূচিআন্তর্জাতিক স্তন ক্যানসার সচেতন মাস হচ্ছে অক্টোবর মাস। এ উপলক্ষে রাজধানীর মিরপুরের আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটির দিন ছাড়া সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে স্তনের সমস্যার ঝুঁকিতে থাকা নারীদের বিনা মূল্যে পরামর্শ দেবেন নারী চিকিৎসক ও গাইনি কনসালট্যান্ট। এ ছাড়া আলট্রাসনোগ্রাম মেমোগ্রাফি, এফএনএসিসহ ব্রেস্ট স্ক্রিনিং ও স্তন টিউমার অস্ত্রোপচারের জন্য রয়েছে ৩০ ভাগ ছাড়। প্রয়োজনে যোগাযোগ: ৯০০৮৯১৯, ৮০৫১৬১৮, ০১৭১৮৫৯৪৬৮২। বিজ্ঞপ্তি।শিশুর মৃত্যু বাগেরহাটের ভৈরব নদের পানিতে পড়ে রাকিব শেখ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ শহরের দড়াটানা খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। রাকিব সদর উপজেলার মুক্ষাইট গ্রামের আলমগীর শেখের ছেলে। বাগেরহাট মডেল থানার এসআই রাকিবুল হাসান জানান, রাকিব মঙ্গলবার সকালে বাড়ির পাশে ভৈরব নদে মাছ ধরতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে যায়। পরে গতকাল ওই খেয়াঘাট এলাকায় স্থানীয় লোকজন রাকিবের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বাগেরহাট প্রতিনিধি।