সংক্ষেপে সারা দেশ
মাদক মামলায় দণ্ডপিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকের এক মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নূর নবী গতকাল রোববার দুপুরে এক রায়ে তাঁদের এই সাজা দেন। মাদক ব্যবসায়ী সাইদুল শরিফকে (২২) দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং আলমগীর হোসেনকে (২৫) এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। কবির হোসেন (২৮) নামের অপর একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে পুলিশ এই ব্যক্তিদের বিরুদ্ধে ওই মামলা করেছিল। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা জামিনে ছাড়া পেয়ে পালিয়ে আছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সিরাজগঞ্জের কাজীপুরে সুফিয়া খাতুন (৪৫) নামের একজন গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর স্বামীর নাম আইনুল হক। বাড়ি বরইতলি গ্রামে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, সুফিয়া খাতুন তাঁর ঘর পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে লাঠির সাহায্যে তাঁকে ছাড়িয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।