সংক্ষেপে সারা দেশ
গ্যাস চুরির সাজাবগুড়ার শাজাহানপুরের বেতগাড়িতে গ্যাস চুরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার একটি সিএনজি স্টেশন বন্ধ করে দিয়েছেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়। বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে বাবলু সিএনজি স্টেশনটিতে চার বছর ধরে মিটার কারচুপির মাধ্যমে গ্যাস চুরি হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী হাকিম রাজা মুহাম্মদ আবদুল হাইয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। অভিযানে স্টেশনটি বন্ধ করে দেওয়া ছাড়াও এর মালিকের ভাই জামিল আনছারীকে (৪৫) এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড এবং মিটার রিডার বেলাল হোসেন (৩৫) ও গোলাম মোস্তফাকে যথাক্রমে দুই বছর ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।৪ প্রতিষ্ঠানকে জরিমানাসিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ফলের দোকান ও বেকারিতে অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সদর থানার ওসি সোহরাব হোসেন জানান, গতকাল বুধবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুকুমার চন্দ্র কুন্ডু ও সিরাজগঞ্জের নির্বাহী হাকিম তানভীর রহমানের নেতৃত্বে শহরের বাজার স্টেশন চত্বর ও হোসেনপুর মহল্লায় ওই অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকর পদার্থ মিশিয়ে ফল বিক্রির অপরাধে ফলবিতান, ফলঘর ও মদিনা ফলভান্ডার নামের তিনটি দোকানকে আট হাজার টাকা এবং আলামিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।‘আমি জড়িত নই’৩৩তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মোখলেছুর রহমান। ফরিদপুর প্রেসক্লাবে গত মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমি জড়িত নই। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সময় আমি গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার তারাইলে অবস্থান করছিলাম।’ ফরিদপুর অফিস।