সংক্ষেপে সারা দেশ
বন্দুক উদ্ধার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কলেজের সামনে থেকে গত শুক্রবার একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ওসি আমীর তৈমুর জানান, শুক্রবার রাত ১০টার দিকে ওই কলেজের সামনে সন্দেহজনক গতিবিধি লক্ষ করে দুই ব্যক্তিকে থামতে বলে পুলিশ। তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ শটগান থেকে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে দুই ব্যক্তি বন্দুকটি ফেলে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।হামলায় নিহতনাটোরের সিংড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আমেনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। সিংড়া থানার ওসি ফায়জুর রহমান জানান, উপজেলার তেমুখ নওদাপাড়া গ্রামের আহম্মদের সঙ্গে জমি নিয়ে আমেনার (৬৫) স্বামী শমসেরের বিরোধ চলছে। গতকাল শনিবার সকালে আহম্মদ ওই জমি থেকে কিছু গাছ কেটে অন্যত্র সরিয়ে নিতে চাইলে শমসের ও তাঁর ছেলে বাধা দেন। এ সময় আহম্মদের নেতৃত্বে লোকজন তাঁদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা আমেনার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নাটোর প্রতিনিধি।গ্রেপ্তার ৯কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, আব্বাছ উদ্দিন, নজু মিয়া, মনসুর আলম, আবদুর রশিদ, আহাম্মদ মিয়া, নজরুল ইসলাম ও মনির আহাম্মদ। মহেশখালী থানার এসআই ওসমান গনি প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতি, হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।