সংক্ষেপে সারা দেশ
সর্বোচ্চ সতর্কতাঈদ সামনে রেখে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনজ সম্পদ পাচার রোধসহ যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে বন বিভাগের পক্ষ থেকে অঘোষিত ‘সর্বোচ্চ সতর্কসংকেত’ জারি করা হয়েছে। গতকাল রোববার সকালে চাঁদপাই রেঞ্জের প্রধান কার্যালয়ে চারটি স্টেশন ও ২০টি ক্যাম্প কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন বলেন, বনের গহিনসহ-সংলগ্ন লোকালয়ে বনরক্ষীদের টহলব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় জোরদার করা হয়েছে। আজ সোমবার থেকে ঈদের সাত দিন পর পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি। স্কুলছাত্র নিহতবরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে বাসের ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্র মো. ইমরান হোসেন (১৪) নিহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ইমরান বরিশাল নগরের বান্দ রোড এলাকার ইউনুস মিয়ার ছেলে। সে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বাসটি নথল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে। বরিশাল অফিস।শনাক্তকরণ বুথনকল টাকার ব্যবহার ঠেকাতে লালমনিরহাটের বৃহত্তম পশুর হাট পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাটে জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাটগ্রাম শাখা গতকাল রোববার এই বুথ স্থাপন করে। জেলায় ভারত থেকে আসা পশুর একমাত্র করিডোর পাটগ্রামের ইসলামপুর। তা ছাড়া, তুলনামূলকভাবে এখানে গরুর দামও কম। এসব কারণে ঢাকা, রাজশাহী, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানের গরু (ভারতীয়) ব্যবসায়ীদের কাছে এই হাট জনপ্রিয়। গরু কেনাবেচায় ক্রেতা-বিক্রেতা কেউই যাতে জাল টাকা নিয়ে প্রতারিত না হয়, সেজন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে ওই বুথ স্থাপন করা হয়। ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।