সংক্ষেপে সারা দেশ
যাত্রীবোঝাই লঞ্চঈদে ঘরমুখী যাত্রীরা ঢাকা থেকে বিভিন্ন লঞ্চে করে চাঁদপুর ফিরতে শুরু করেছেন। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা সোনারতরী, মেঘনারানী, বোগদাদীয়া ৬, মিতালী, বোগদাদীয়া ৮ ও ময়ূরসহ বিভিন্ন যাত্রীবাহী লঞ্চ ধারণক্ষমতার দু-তিন গুণ যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে ভেড়ে। নির্দিষ্ট সময়ের আগেই এসব লঞ্চ যাত্রীবোঝাই হয়ে পড়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাদের ঘাট ছাড়তে বাধ্য করে। চাঁদপুর প্রতিনিধি। ফেরি করে...বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এবার কোরবানির পশু বিক্রি করছেন একদল বিক্রেতা। ফেরি করে পশু বিক্রেতাদের প্রতি ক্রেতাদেরও আগ্রহ দেখা গেছে। হাটে যাওয়া এবং অতিরিক্ত হাসিল দেওয়ার ঝামেলা এড়ানোর জন্য এভাবে গরু বা ছাগল কেনাবেচা জমজমাট হয়ে উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়িগঞ্জ-মাঝিহট্ট সড়কের গামড়া গ্রামের কাছে দেখা যায়, চার বিক্রেতা কয়েকটি গরু নিয়ে হেঁটে চলেছেন। এলাকার উৎসুক বাসিন্দারাও তাঁদের চলার পথে গরুর দামাদামি করছেন। উপজেলার শিবগঞ্জ-পীরব সড়কের সংসাদিঘী গ্রামের কাছে দেখা গেল, একজন ছাগল ব্যবসায়ী আটটি ছাগল নিয়ে পাশের গ্রামের দিকে হেঁটে চলেছেন। চলার পথে ক্রেতারাও দামদর করছেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিষাঁড়ের আক্রমণেলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ষাঁড়ের আক্রমণে পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার বোর্ডার বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শায়েস্তানগর এলাকার হানিফ দেওয়ান বোর্ডার বাজারে বিক্রির জন্য একটি ষাঁড় আনেন। হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে মো. সাইফুল (৩৮) নামের এক ক্রেতাকে আক্রমণ করে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করতে গেলে ষাঁড়ের গুঁতোয় আরও চারজন আহত হয়। তাঁরা হলেন আবুল বাশার (২৮), মো. লিটন (৩০), সফিকুর রহমান (৩২) ও কামাল হোসেন (৩০)। তাঁরা লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সাইফুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি