সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারনেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের পূর্বধলা উপজেলার নারান্দিয়ায় রেললাইনের পাশে গলায় ওড়না পেঁচানো ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিদলিল হস্তান্তরসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে উপজেলার ১৮৭ জন ভূমিহীনের মধ্যে বন্দোবস্তকৃত খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প পরিচালক স্বপন কুমার পাল প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঅতর্কিত হামলাব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যুবদলের সভায় অতর্কিত হামলায় ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। গত রোববার উপজেলা সদরের আনোয়ারা শপিং কমপ্লেক্সের দোতলায় এ ঘটনা ঘটে। হামলার পর প্রায় পৌনে এক ঘণ্টা সভা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক অভিযোগ করে বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার একপর্যায়ে যুবলীগ কর্মী নূর ইসলামের নেতৃত্বে আট-নয়জন সভাস্থলে ইট-পাটকেল নিক্ষেপ করে। বাঞ্ছারামপুর থানার ওসি (তদন্ত) অংশু কুমার দেব বলেন, ‘যুবদলের সভার বিষয়টি আমাদের জানা ছিল না। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়েছে বলে জানতে পেরেছি।’ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঅগ্নিকাণ্ডবগুড়ার ধুনটে এক বিধবা নারীর বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত মধু শেখের স্ত্রী জাবিয়া খাতুনের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে রাখা হয়। অসাবধানতার কারণে কয়েলের আগুন ঘরের বেড়াতে লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে বাড়ির চারটি ঘরসহ রক্ষিত আসবাব ও খাদ্যশস্য নষ্ট হয়। আগুনে একটি গরু, দুটি ছাগল ও ১০টি হাঁস-মুরগি মারা গেছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি ধর্মঘটএকের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনার প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জের রমনীরহাট (সুলতানপুর বাজার) বাজারের ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে গত রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। বিকেলে খবর পেয়ে থানার ওসি সৈয়দ আহছানুল ইসলাম রমনীরহাটে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। নোয়াখালী অফিস