সংক্ষেপে সারা দেশ
চালকের সুমতিযশোরের কেশবপুর থেকে গতকাল শুক্রবার ৪৩৯ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রাম থেকে গতকাল একটি পিকআপে বস্তাভর্তি নারকেল ও বাতাবি লেবুু উঠানো হয়। কিন্তু সন্দেহ হওয়ায় পিকআপের চালক আবুল হাসান পথে কেশবপুর থানা অতিক্রম করার সময় গাড়িটি দ্রুত থানার মধ্যে ঢুকিয়ে দেন। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। কেশবপুর (যশোর) প্রতিনিধি।আসামি গ্রেপ্তারনওগাঁর ধামইরহাটে আদিবাসী দিনমজুর জাম্বু চৌড়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আতিকুল ইসলামকে (৩০) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিকুল উপজেলার আংগুরত কলোনি গ্রামের শরিফ মণ্ডলের ছেলে। ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আংগুরত বাজারে অভিযান চালিয়ে আতিকুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ১০ আগস্ট উপজেলার সাহাপুর গ্রামে খুন হন জাম্বু চৌড়ে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।খালি ফেরি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী গাড়ির তেমন কোনো চাপ গতকাল শুক্রবার দেখা যায়নি। ফলে দৌলতদিয়া ঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ফেরিগুলো খালি অবস্থাতেই বিপরীত দিকে পাটুরিয়ার ঘাট ছেড়ে যেতে দেখা গেছে। বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল থেকেই ফাঁকা হয়ে পড়ে দৌলতদিয়া ঘাটের সড়কগুলো। অপরদিকে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে বসিয়ে না রেখে দ্রুত ওপারে পাঠিয়ে দেওয়া হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।ট্রাকচাপায় নিহত ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ওই নারীকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ওই নারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। মানিকগঞ্জ প্রতিনিধি।