সংক্ষেপে সারা দেশ
ট্রেনের ধাক্কায় নিহতরাজশাহীতে ট্রেনের ধাক্কায় গতকাল বুধবার সকালে মকবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে জিআরপি পুলিশ তাঁর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাজশাহী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুল প্রথম আলোকে জানান, সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে রেললাইনের ধারে লাশটি পাওয়া যায়। খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় মকবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মকবুলের দুই স্ত্রী। তাঁদের একজন নাটোরের সিংড়ায় এবং অন্যজন রাজশাহীতে থাকেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। মাদক বিক্রেতা গ্রেপ্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর ইমারসন গ্রামের একটি বাড়ি থেকে গত মঙ্গলবার সকালে মো. সুমন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, সুমন দীর্ঘদিন ধরে মদ ও গাঁজা বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। সুমনের বাড়ি উপজেলার পানপট্টি গ্রামে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে মঙ্গলবারই গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক আদালতে সোপর্দ করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।দুই গৃহবধূর আত্মহত্যা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, মোরেলগঞ্জ পৌরসভার আবু হুরাইরা মাদ্রাসা লেনের জুম্মন হাওলাদারের স্ত্রী ফারজানা বেগম স্বামীর ওপর অভিমান করে গত সোমবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে এবং একই উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের জাকির হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম ঈদের দিন আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতে না পেরে রাত ১২টার দিকে বিষপানে আত্মহত্যা করেন। বাগেরহাট প্রতিনিধি।দুই শিশুর মৃত্যুকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ধান্যদৌল গ্রামে জুনায়েত নামের দেড় বছরের এক শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। একই দিনে উপজেলার বার্লিনা গ্রামে শ্রাবণ নামের আড়াই বছরের এক শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি। মাদ্রাসাছাত্রের মৃত্যুমানিকগঞ্জ সদর উপজেলায় খেয়ানৌকা ডুবে মজনু রহমান (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পালড়া গ্রামে নুরানী-গঙ্গা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। মজনু সদর উপজেলর চর বেতিলা গ্রামের আবদুল আজিজের ছেলে। সে ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ প্রতিনিধি।