সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবে মৃত্যুসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাকিলামারী গ্রামে সালমান (৮) নামের এক শিশু গতকাল বৃহস্পতিবার সকালে বিলের পানিতে ডুবে মারা গেছে। সালমানের পরিবারের সদস্যদের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন সরকার জানান, সকালে সালমান বাড়ি থেকে গোসল করতে বের হয়। পরে বাড়ির পাশের বিলে তার লাশ ভেসে ওঠে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।স্বামী-স্ত্রী গ্রেপ্তারজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জাহাঙ্গীর হোসেন ও বিউটি বেগম। পুলিশের ভাষ্যমতে, এই দম্পতি মাদক ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হয়েছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।মাদকসহ গ্রেপ্তার ২রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সাইনবোর্ড এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার রেলওয়ে কলোনি বাবুপাড়া গ্রামের ওয়াসিম সরদার (৩০) ও উত্তর দৌলতদিয়া গ্রামের দুলাল শেখ (৩০)। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, ৫০ লিটার মদসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি। শিশুর মৃত্যু রাজবাড়ী সদর উপজেলার ধুলদীজয়পুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে আমির হামজা (৫) নামের এক শিশু মারা গেছে। আমিরের বাবা জামাল ব্যাপারী প্রথম আলোকে জানান, সকাল নয়টার পর থেকে আমির নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজবাড়ী প্রতিনিধি। কারাদণ্ড বরগুনার পাথরঘাটায় ভ্রাম্যমাণ আদালত বাবুল হাওলাদার নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গাঁজা রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার এ আদেশ দেন। বাবুলের বাড়ি উপজেলার লাকুরতলা গ্রামে। সকালে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।অজগর আটকনওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্ত এলাকায় একটি বিশাল আকৃতির অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। বুধবার মধ্যরাতে উপজেলার বস্তাবর বিজিবি সীমান্ত ফাঁড়ির পাশে পাকা রাস্তা অতিক্রমের সময় কয়েকজন যুবক অজগরটি দেখতে পায়। পরে জাল দিয়ে ধরা হয়। এর ওজন প্রায় ২০ কেজি। দৈর্ঘ্যে প্রায় সাত-আট হাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা খাতুন জানান, অজগরটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।