সংক্ষেপে সারা দেশ
জরুরি সভাঢাকা শহরে চলাচলরত সব হিউম্যান হলার মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের যৌথ জরুরি সভা গত ২৮ আগস্ট মতিঝিলে অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, হালকা যান সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কাজী বেল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ট্রাফিক বিভাগ কর্তৃক হিউম্যান হলার চলাচলের বিভিন্ন রুট পুনর্বিন্যাস করার প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি। দুজন বরখাস্ত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গাইবান্ধায় দুই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলার চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং ফুলছড়ি উপজেলার ধলিপাটাধো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লডলিচ সুলতানা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (অর্থ ও বাজেট) আলাউদ্দিন গত ৫ সেপ্টেম্বর এই বরখাস্তের আদেশ দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি। পুনর্মিলনী ২৯ সেপ্টেম্বরকুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ও পুনর্মিলনী ২৯ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উপস্থিত থাকতে কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখায়—গোল্ডেন জুবিলি সেলিব্রেশন ফান্ড, আইপিএসসি, হিসাব নম্বর: ১৯৪.১০১.৬৮৭১৭। www.ipsc.edu.bd ওয়েবসাইটেও রেজিস্ট্রেশনসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।