সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধার ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকা থেকে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, গতকাল শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় একটি মেহগনির বাগানে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি তাঁরা থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ফরিদপুর অফিস।আসামি গ্রেপ্তারনেত্রকোনার বারহাট্টা উপজেলার ডাকাতির মামলায় সাজা পাওয়া পলাতক আসামি বাচ্চু মিয়াকে (৫৫) গত শুক্রবার গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বারহাট্টা থানায় ডাকাতির এক মামলায় পাঁচ বছর এবং সদর থানায় আরেক ডাকাতির মামলায় তাঁর সাত বছরের সাজা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান, গতকাল শনিবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি।মোটরসাইকেল চুরি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের জেলখানা এলাকা থেকে গত শুক্রবার রাতে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বঙ্গবন্ধু পরিষদ বিরামপুর শাখার সদস্য খায়রুল আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।