সংক্ষেপে সারা দেশ
নবীনবরণইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) চলতি বছরের শরৎকালীন সেমিস্টারের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান শনিবার ঢাকার বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক নাদিম জাহাঙ্গীর, অধ্যাপক এম আনোয়ার, অধ্যাপক হারুন অর রশীদ ও অধ্যাপক নজরুল ইসলাম। রেজিস্ট্রার তানভীর এ খান নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ওপর আলোকপাত করেন উপাচার্য এম ওমর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক লিমা চৌধুরী। বিজ্ঞপ্তি। ছিনতাইকারী আটকজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী বাজারে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় গত শনিবার রাতে দুই ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। ওই দুই ছিনতাইকারী হলেন: জেলার কালাই উপজেলার বেচখণ্ড গ্রামের হাবিবুল (২৬) ও আলামিন (৩০)। এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ী গ্রামের মো. শাহজাহান (৩৫) বাদী হয়ে আটক দুই ছিনতাইকারীসহ সাতজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করেছেন। দুই আসামিকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।