সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায় মঙ্গলবার বাসের চাপায় স্থানীয় মাদ্রাসার অফিস সহকারী শামসুন নাহার ও তাঁর শিশুকন্যা ইমার নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার সকালে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও এলাকাবাসী। এ সময় মাদ্রাসাটির সামনে মাঝকান্দি-বোয়ালমারী সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মুজিবুর রহমান ও মাদ্রাসার অধ্যক্ষ হুসাইন আহমদ। তাঁরা বাসচালককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই সড়কে দুটি গতিরোধক স্থাপনের দাবি জানান। ফরিদপুর অফিস।তলোয়ারসহ আটক পাবনা মেডিকেল কলেজ এলাকায় গতকাল বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ১২টি ধারালো তলোয়ারসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন: এ এইচ এম ফয়সাল, ইনতাজ আলী, সোহেল রানা ও বাবু হোসেন। এই ব্যক্তিরা সবাই পাবনা পৌর এলাকার ছাতিয়ানি মহল্লার বাসিন্দা। সদর থানার এসআই রওশন আলী জানান, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন পাবনা মেডিকেল কলেজ এলাকায় সমবেত হচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। পাবনা অফিস।লোডশেডিংগোপালগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ-মিছিল ও বিদ্যুৎ অফিস ভাঙচুর করেছেন বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁরা ওই মিছিল বের করেন। পরে গোপালগঞ্জ বিদ্যুৎ অফিসে (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়) হামলা চালান। তাঁদের ছোড়া ইটে অফিসের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই ছাত্রাবাসের বিদ্যুৎ সংযোগ ভেড়ারহাট ফিডার থেকে টুঙ্গিপাড়া ফিডারে স্থানান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। গোপালগঞ্জ প্রতিনিধি।