সংক্ষেপে সারা দেশ
জরিমানানীলফামারীর সৈয়দপুরে সাতটি হোটেল রেস্তোরাঁ ও চারটি ওষুধের দোকান থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান ফেরদৌসের নেতৃত্বে ওই আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু সৈয়দপুর শহরের ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেন। নিম্ন মান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজু মেডিকেল স্টোরকে তিন হাজার, রানী ফার্মেসিকে তিন হাজার, সেবা ফার্মেসিকে তিন হাজার ও পাঁচ মাথা ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলে অপরিচ্ছন্নতা ও পচা-বাসি খাবার রাখায় তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলকে আট হাজার, আজিম উদ্দিন সুইটমিটকে পাঁচ হাজার, তমিজ হোটেলকে পাঁচ হাজার, জামান হোটেলকে তিন হাজার টাকা, হোটেল নিরিবিলিকে তিন হাজার, জয়নুল হোটেলকে দুই হাজার ও সিরাজ হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।কয়লা তোলা শুরু৩৬ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লাখনির ১২০৩ নম্বর নতুন কোল ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা তোলা শুরু হয়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন দুই হাজার মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, সোমবার রাত থেকে খনির ১২০৩ নম্বর কোল ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন এই কোল ফেইজ থেকে প্রতিদিন প্রায় দুই হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির ১২০৪ নম্বর কোল ফেইজের উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হওয়ায় গত ৫ আগস্ট উৎপাদন বন্ধ হয়ে যায়। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।