সংক্ষেপে সারা দেশ
ডাকাতি ফরিদপুরে গত বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা লক্ষাধিক টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইম উদ্দিন মণ্ডল বলেন, ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গি গ্রামের বাসিন্দা ও সাদিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ভবতোষ চন্দ্র শীলের বাড়িতে ওই দিন রাত একটার দিকে ডাকাতেরা গ্রিল কেটে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে তাঁকে ও তাঁর স্ত্রীকে বেঁধে ছয় ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা হস্তগত করে। এ সময় ভবতোষের ভাই বিজয় কৃষ্ণ শীল পাশের বাড়ি থেকে এগিয়ে এলে ডাকাত দল সে বাড়িতেও ঢোকে এবং চার ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা লুট করে। ফরিদপুর অফিস।বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুতের তার জড়িয়ে তারেক (১৬) নামের এক কিশোর মারা গেছে। তার বাড়ি উপজেলার বোদা ইউনিয়নের বালাভীড় গ্রামে। সে ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শেষে আলিম বাজার থেকে তারেক বাড়ি ফিরছিল। পথে বাড়ির পাশে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে সে জড়িয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় প্রতিনিধি।