সংক্ষেপে সারা দেশ
বাঘের সঙ্গে লড়াই বাঘের সঙ্গে মিনিট দশেক লড়াই করে শহিদুল ইসলাম নামের একজনকে জীবিত অবস্থায় ফিরিয়ে এনেছেন সহযোগী আরেক জেলে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি এলাকার মাথাভাঙা নদীর চরে। শহিদুল (৫০) খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা। তাঁর সহযোগী ইমান আলী জানান, গতকাল সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে তাঁরা দুজন মিলে চুনকুড়ি এলাকায় মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে মাথাভাঙা নদীর চরে জাল গুছানোর সময় একটি বাঘ শহিদুল ইসলামের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তিনি (ইমান আলী) লাঠি নিয়ে বাঘের মাথায় আঘাত করতে থাকেন। একপর্যায়ে বাঘটি শহিদুলকে ছেড়ে বনের মধ্যে চলে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাষাঁড়ের গুঁতোয় মৃত্যুপাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামে শনিবার সকালে ষাঁড়ের গুঁতোয় এক বৃদ্ধ মারা গেছেন। আজিজুল হক (৭৫) নামের ওই ব্যক্তি ছাগল নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বাড়ির পাশে তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলামের একটি ষাঁড় ছুটে এসে তাঁকে আঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান। চাটমোহর (পাবনা) প্রতিনিধিমাদকসেবী গ্রেপ্তারজামালপুরের সরিষাবাড়ীতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছয় মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। পৌরসভার শিমলাবাজারের মাদকসেবী স্বপন কুমার, বিশ্বজিত কুমার, রুমেল তরফদার, বাউসী বাজারের গুটু মিয়া, সুলতান মিয়া, উষ্ণা ঋষিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, ছয় মাদকসেবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি