সংক্ষেপে সারা দেশ
নববধূর লাশ বগুড়ার ধুনট উপজেলায় গতকাল মঙ্গলবার দীপা নাহার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজির শিক্ষক রায়হান কবীরের স্ত্রী ছিলেন। ২৪ আগস্ট তাঁদের বিয়ে হয়। এই দম্পতি ধুনট পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল বেলা একটার দিকে রায়হান দরজা ভেঙে ঘরে ঢুকে রান্নাঘরের আড়ার সঙ্গে দীপার (২৭) লাশ ঝুলতে দেখেন। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ধুনট (বগুড়া) প্রতিনিধি।সাপের কামড়ে মৃত্যু নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম মহল্লায় সাপের কামড়ে জামিরুল ইসলাম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে নিজ ঘরে জামিরুলকে (১০) সাপে ছোবল দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামিরুল বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। নাটোর প্রতিনিধি।গণপিটুনিতে নিহতপার্বতীপুর উপজেলার দেউল বৈরাগীপাড়া গ্রামে সোমবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, রাত দুইটার দিকে গ্রামের এক বাড়িতে চুরি করতে গেলে ওই ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। পরে পিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।পার্বতীপুর প্রতিনিধি।লাশ উদ্ধারনীলফামারীর ডিমলা উপজেলা সদরের কুটিরডাঙ্গা গ্রামের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ফেন্সি বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়-সাত বছর আগে কুটিরডাঙ্গা গ্রামের মিন্টু হোসেনের সঙ্গে ফেন্সির (২২) বিয়ে হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। নীলফামারী প্রতিনিধি।