সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবজাতক চুরি নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ঘরের বেড়া কেটে নবজাতক চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রখইর বিদ্যুৎনগর গুচ্ছগ্রামে এই চুরি হয়। স্থানীয় দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কুদ্দুস জানান, নবজাতকটির মা চায়না ওই রাতে আট দিনের ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের বেড়া কেটে নবজাতকটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। বাগাতিপাড়া মডেল থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নাটোর প্রতিনিধি।মায়ের কারাদণ্ড ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার দায়ে এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই দণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার নূরুল হক ও তাঁর স্ত্রী তাঁদের মেয়েকে গোপনে বিয়ে দেন। মেয়েটি একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিকেলে সদরপুর উপজেলার ইউএনও মো. লোকমান হোসেন নূরুল হকের বাড়িতে অভিযান চালান। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেয়ের বাবা পালিয়ে যান। ফরিদপুর অফিস।মোটরসাইকেল চুরিটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একজন সাবেক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের বাওয়ার রোডের পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক কহিনূর রহমানের বাসা থেকে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে ওঠার পর তিনি বিষয়টি টের পান। পরে তিনি এ বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।জামায়াত নেতা গ্রেপ্তারনাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। পলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা গতকাল শুক্রবার ভোরে শহরের নওহাটা এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শরিফুল হকের আদেশে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আবদুল বাতেনসহ পাঁচজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা হয়। শেরপুর প্রতিনিধি।তদন্ত কমিটি মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে গতকাল শুক্রবার সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কুলাউড়া রেলওয়ে জংশনে পৌঁছায়। তবে স্টেশন ছাড়ার সময় ট্রেনটি অন্য একটি লাইনে ঢুকে পড়লে এর ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। পরে কর্তৃপক্ষ কুলাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. হুমায়ূন কবীরকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।