সংক্ষেপে সারা দেশ
মজুরি বৃদ্ধির দাবিজামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় অবস্থিত পপুলার পাটকল কোম্পানি লিমিটেডে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন। একাধিক শ্রমিক বলেন, ‘পাশের পাটকলে দৈনিক ১৭৫ টাকা মজুরি দেওয়া হলেও আমাদের পাটকলে দেওয়া হয় ১১৫ টাকা করে। শ্রমিকেরা দীর্ঘদিন ধরে মজুরি-বৈষম্যের শিকার হয়ে আসছেন। এর প্রতিবাদে গত শনিবার ভোর থেকে পাটকলের পাঁচ শতাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করছেন।’ পাটকলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান বলেন, বিষয়টি মালিককে জানানো হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি মাতালকে জরিমানাকিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাতলামি করার অপরাধে শাহজাহান মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান গতকাল সোমবার সকালে এই সাজা দেন। রোববার রাতে উপজেলার করইপাড়া বাজারে মদ খেয়ে মাতলামি করছিলেন শাহজাহান। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেন। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিকর্মবিরতি অব্যাহতপ্যান্টপ্রতি ১০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে পার্বতীপুরের দর্জি শ্রমিকেরা ১৯ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করে আসছেন। তাঁদের এই কর্মসূচি অব্যাহত আছে। গত ঈদুল আজহার আগে দর্জি শ্রমিকেরা প্যান্টপ্রতি ৭০ টাকার স্থলে ৮০ টাকা মজুরির দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঢাকা টেইলার্সের তিন শ্রমিককে বরখাস্ত করা হয়। ওই শ্রমিকদের কাজে পুনর্বহাল ও মজুরি বৃদ্ধি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি লাশ উদ্ধার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গত রোববার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির (৬০) মাথার ডান দিকে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পকেটে ৪ নভেম্বরের ঢাকা-চট্টগ্রাম যাত্রাপথের আন্তনগর চট্টলার একটি টিকিট পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি