সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চা! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর গতকাল বুধবার দুপুরে নিজের দোকানে চা পান করতে আসা ৩০ জনকে বিনা মূল্যে চা পরিবেশন করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের চা বিক্রেতা মো. আবু তাহের (৩৮)। তাড়াইল প্রেসক্লাবের সামনে তিনি দীর্ঘদিন ধরে চা বিক্রি করে আসছেন। তাহের বলেন, ‘ওবামা আমার পছন্দের ব্যক্তি। তিনি নির্বাচিত হয়েছেন। এতে আমি বেজায় খুশি।’ তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।জাল রুপি জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত থেকে গতকাল বুধবার দুই লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির শিংনগর ক্যাম্পের অধিনায়ক কামাল হোসেন জানান, সন্দেহ হলে সকালে এক ব্যক্তিকে থামতে বলে বিজিবির একটি টহলদল। এ সময় তিনি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।গ্রেপ্তার ১ গোপালগঞ্জে মাহামুদ হোসেন (৩০) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে শহরের গো-হাটা কালীবাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি শহরের ব্যাংকপাড়ায়। পুলিশের ভাষ্যমতে, ওই সময় মাহামুদ গাঁজা সেবন করছিলেন। সদর থানার এসআই কসুমন কুমার আইচ জানান, গতকাল মাহামুদকে কারাগারে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।